হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ব্যবসায়ী হত্যাকাণ্ডে আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

উপজেলার ঠাকুরপাড়া এলাকায় মৌচাক-জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে ব্যবসায়ী আজিবর রহমান হত্যাকাণ্ডে আসামিদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমান হত্যাকাণ্ডে মামলার এক মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় মৌচাক-জামালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এতে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বিক্ষোভকারীরা দ্রুত চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই রাতে ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় যাচ্ছিলেন আজিবর রহমান। পথে চলন্ত অটোরিকশায় তাঁর ওপর অতর্কিত হামলা চালান একই এলাকার শরিফ, তাঁর দুই ছেলে সুমন ও সাগরসহ আরও কয়েকজন। তাঁরা ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে নিবিড়পর্যবেক্ষণে চিকিৎসাধীন গত ১৯ আগস্ট আজিবর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেন।

মানববন্ধনে স্থানীয়রা জানান, আজিবর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও আসামিদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘আমার স্বামীকে তাঁরা মেরে ফেলেছে। শুনেছি, আসামিরা এখনো এলাকায় অবস্থান করছে। অথচ পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।