হোম > সারা দেশ > গাজীপুর

থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগ এনে ১২ ঘণ্টার মধ্যে দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী। এ সময়ের মধ্যে পুলিশ কোনো অগ্রগতি দেখাতে না পারলে থানার সামনে আত্মহত্যা করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল রোববার বিকেলে শ্রীপুর থানা-পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের উপস্থিতিতে তিনি এ কথা বলেন।

বিল্লাল হোসেন ব্যাপারী শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব।

সভায় বক্তব্যে বিল্লাল হোসেন ব্যাপারী অভিযোগ করেন, কয়েকটি ভুয়া ফেসবুক আইডি তাঁর একটি ছবির সঙ্গে টেবিলে রাখা কয়েকটি মদের বোতল এবং আরও দুজন ব্যক্তির ছবি সংযুক্ত করে সম্পাদিত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। তাঁর দাবি, এতে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।

বিএনপি নেতা বলেন, বিষয়টি জানার পরপরই তিনি শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

শ্রীপুর থানা-পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। ছবি: আজকের পত্রিকা

পুলিশ সুপারকে উদ্দেশ করে বিল্লাল হোসেন ব্যাপারী বলেন, ‘আগামী ১২ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীদের শনাক্ত করতে না পারলে আমি থানার সামনে এসে আত্মহত্যা করব।’

তিনি আরও বলেন, একজন পৌর বিএনপি নেতার অভিযোগেরও যদি কার্যকর প্রতিকার না হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে পুলিশের সেবা পাবে—সেটি নিয়ে তাঁর প্রশ্ন রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববর্জ্য ও রাসায়নিক দূষিত পানিতে ধোয়া শাকসবজি যাচ্ছে হাটে বাজারে

কারাগারে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসে ইয়াবাসহ স্বামী গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

কালিয়াকৈরে অস্ত্রসহ ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সাড়ে ৪ বছরেও হয়নি সড়কের কাজ, দুর্ভোগ

কিশোরগঞ্জের ইটনায় সিমেন্টবোঝাই বাল্কহেডে ডাকাতি

শব্দদূষণ রোধে পদক্ষেপ: গাজীপুরে সরকারি যানে অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

গ্যাসের চাপ শূন্য, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা