গাজীপুরের টঙ্গীর হাজি মাজার বস্তিতে মাদকবিরোধী অভিযানে হেরোইন, দেশীয় অস্ত্র, পুলিশের গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরা, মাদক বিক্রির নগদ টাকা ও টাকা গণনার যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। অভিযানে নেতৃত্ব দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।
পুলিশ জানায়, হাজি মাজার বস্তির চিহ্নিত মাদক কারবারিদের কয়েক শ কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন, মাদক সেবনের সরঞ্জাম, কয়েকটি দেশীয় অস্ত্র, মাদক বিক্রির ২ লাখ ৫৬ হাজার টাকা, বিভিন্ন দেশের মুদ্রা, কয়েক ভরি স্বর্ণালংকার, একটি টাকা গণনার যন্ত্র এবং পুলিশের গতিবিধি পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরা ও এর ডিভিআর জব্দ করা হয়।
এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।