গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁকে আটক করার পর শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার শিক্ষক রাব্বি হোসেন (২৫) টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম মো. ওসমান গণি নাঈম।
শিশুটির স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর বিকেলে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন গরম ইস্ত্রি দিয়ে নাঈমের নিতম্বে ছ্যাঁকা দেন। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিতে মাদ্রাসায় গেলে সে মায়ের কাছে নির্যাতনের বিষয়টি জানায়।
পরে গতকাল রাতে শিশুটির মা টঙ্গী পূর্ব থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষক রাব্বি হোসেনকে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনার খবর পেয়ে শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। পরে মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।