গাজীপুরে অটোরিকশার চাপায় রাজিবুল হাসান সিফাত নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে মহানগরীর গাছা থানার কামারজুরি এলাকার দারুল হাবিব মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সিফাত পরিবারের সঙ্গে কামারজুরি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তাদের স্থায়ী বাড়ি নীলফামারী জেলায়।
জানা গেছে, শিশু সিফাত তাঁর বড় ভাইয়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে পাশের একটি দোকানে যায়। দোকান বন্ধ থাকায় সে বাড়ির দিকে ফিরে আসছিল। এ সময় একটি বেপরোয়া গতির থ্রি-হুইলার অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা অটোরিকশাসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় অটোসহ চালক মো. সুজনকে (৪২) আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’