হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের পাল্টাপাল্টি সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় অবরোধ। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তিনমাথা এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন বাস-মিনিবাস মালিক সমিতির নেতা-কর্মীরা। শ্রমিক সংগঠনের নামে সড়কে চাঁদা আদায় বন্ধের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

অবরোধে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার ও থানার ওসি সরোয়ার আলম খানের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাস ও মিনি বাস মালিক সমিতির সহসভাপতি রবিউল ইসলাম লিয়াকত বলেন, গাইবান্ধা-পলাশবাড়ীসহ বিভিন্ন সড়কে যত্রতত্র গাড়ি থামিয়ে শ্রমিক সংগঠনের নামে চাঁদা আদায় করা হচ্ছে। একটি গাড়ি থেকে ২০০-৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি আটকে রাখা হয়। এতে পরিবহন ব্যবসায়ীরা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন। এসবের প্রতিবাদে সড়ক অবরোধ করেছি।

এর আগে বিকেল ৪টার দিকে পলাশবাড়ী চার মাথায় ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিক সংগঠনগুলো। এ সময় তাঁরা সড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। পরে পুলিশের আশ্বাসে তাঁরা বিক্ষোভ ও অবরোধ তুলে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের দ্বন্দ্বের জেরে অবরোধের ঘটনা ঘটে। বৈধ কাগজপত্র নিয়ে রাত ৮টার দিকে উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।