হোম > সারা দেশ > গাইবান্ধা

মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন আলতাফ হোসেন।

এর আগে বেলা সাড়ে এগারটার দিকে গাইবান্ধা শহরের জিরো পয়েন্টের পুরাতন জেলখানা মোড় এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো শহরের জিরো পয়েন্টের জেলখানা মোড়ে দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। এদিন বেলা সাড়ে এগারটার দিকে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামানো হয়। কিন্তু মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যান চালক। পরে সদর থানার পুলিশ গিয়ে মোটরসাইকেলের ট্যাংকি ও সিটের নিচে লুকানো ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

গাইবান্ধা ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন আলতাফ হোসেন বলেন, ‘সড়কে দায়িত্ব পালনকালে জেলখানা মোড়ে ৬ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চালককে শনাক্তের চেষ্টা চলছে।’