হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটায় গরুর আক্রমণে কৃষকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামে গরুর আক্রমণে নবির হোসেন (৫০) নামে এক কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ। সকালে বাড়ির পাশের বিলে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে এই ঘটনা ঘটে।

নিহত নবির হোসেন চিনিরপটল গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সেলিম আহম্মেদ তুলিপ জানান, নবির হোসেন প্রতিদিনের মতো আজ সকালে বাড়ির পাশের বিলে গরুর পালকে ঘাস খাওয়াতে নিয়ে যান।

একপর্যায়ে হঠাৎ একটি গরু ক্ষিপ্ত হয়ে তাঁকে গুঁতা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাঁর নাকমুখ দিয়ে রক্তক্ষরণ হয়।

স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।