গাইবান্ধা সদর উপজেলায় গরুবোঝাই নছিমনের ধাক্কায় অটোভ্যানের আট যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পৌর শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অটোভ্যানটি যাত্রী নিয়ে সাদুল্লাপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমন অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের আট যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি যানই অবৈধ। দুর্ঘটনার পর যান দুটি জব্দ করা হয়েছে।