হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় যুবদল নেতার হামলায় শিবির নেতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সাইফুল্লাহ বারী। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতার হামলায় শিবির নেতা সাইফুল্লাহ বারী (২৪) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বন্ধু সালাউদ্দিন (৩০) নামের আরও একজন।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়ার চারমাথায় এ ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ওই ইউনিয়নের শিমুল তাইর গোরস্তানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে ও রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদ্রাসার তৃতীয় বর্ষের আল কোরআন বিভাগের ছাত্র ছিলেন।

আর গুরুতর আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে।

অপর দিকে অভিযুক্ত মুকুল ও পলাশ দুই ভাই। তাঁরা একই ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি। তবে বর্তমানে বহিষ্কৃত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বোনারপাড়া বাজারের (উপজেলা চত্বরে) চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয় নিয়ে দুটি পক্ষের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মুকুল ও তাঁর ভাই পলাশ শিবির নেতা সাইফুল্লাহ বারীর ওপর হামলা চালান। পরে মুকুলের ছোট ভাই পলাশ সাইফুল্লাহ বারীর গলায় লোহার শাবল দিয়ে সজোরে আঘাত করেন। এ সময় সাইফুল্লাহ বারীর সঙ্গে থাকা তাঁর বন্ধু সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করেন তাঁরা। পরে স্বজনেরা প্রচণ্ড রক্তক্ষরণ হওয়া সাইফুল্লাহ বারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

অন্যদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা নিহত শিবির সভাপতির বন্ধু মোবাশ্বের বলেন, ‘কচুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ আমার চাচা। দীর্ঘদিন ধরে ওই স্কুলে কমিটি নেই। সম্প্রতি স্কুলে কমিটি গঠনের কথা চলছিল। আজ বিকেলে আমার চাচা (প্রধান শিক্ষক হাবিবুল্লাহ) বোনারপাড়া বাজারে চা খাচ্ছিলেন। এ সময় মুকুল-পলাশসহ বেশ কয়েকজন এসে কমিটির বিষয় নিয়ে চাচার সঙ্গে খারাপ ব্যবহারসহ গালিগালাজ করেন।

‘পরে বিষয়টি জানতে পেরে আমরা কয়েকজন বাজারে আসি। পরে উভয় পক্ষের মধ্যে তর্ক হলে স্থানীয়রা দুই দলকেই সরিয়ে দেয়। কিন্তু চলে যাওয়ার সময় তারা ধাওয়া দিয়ে পরিকল্পিতভাবে ছুরি নিয়ে এসে মুকুল ও তার ভাই পলাশ শিবির সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলা করে। শাবল দিয়ে সাইফুল্লাহ বারীর গলায় আঘাত করা হয়।’

এ ব্যাপারে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী বলেন, অভিযুক্ত মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। অনৈতিক কাজ ও দলের শৃঙ্খলাভঙ্গের কারণে স্থানীয় উপজেলা যুবদলের নেতারা তাঁকে বহিষ্কার করেছেন। বর্তমানে যুবদলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, ছাড় নেই। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা বিএনপি সব ধরনের সহযোগিতা করবে।

সাঘাটা থানার ওসি পবিত্র কুমার বলেন, খুনের ঘটনায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। প্রকৃত ঘটনা তদন্তসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা

ঘাঘট নদীভাঙন রক্ষা প্রকল্প: নদী থেকে বালু তোলায় তীর ভাঙনের শঙ্কা

গাইবান্ধার সুন্দরগঞ্জ: শ্রমিক আছে কাগজে, খাল খনন চলছে যন্ত্র দিয়ে

তর্কের জেরে বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যা দুই কিশোরের

গাইবান্ধার সাঘাটায় গরুর আক্রমণে কৃষকের মৃত্যু

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে লাফিয়ে নারীর আত্মহত্যা: পুলিশ

প্রসবের পর রক্তক্ষরণ, চর পেরিয়ে হাসপাতালে যাওয়ার পথেই থামল ইউপি সদস্যের জীবন

করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টা, ৬ জনকে পুলিশে সোপর্দ