গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) মারা গেছেন।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চাকরি থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আজ শনিবার আসেন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। তখন তিনি বাড়িতে নিজেই আইপিএস মেরামত করছিলেন। কাজের একপর্যায়ে হঠাৎ করে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। পরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।