গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. মজিবর রহমান মজিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মজিবর রহমান উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আজ শনিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মজিবর রহমান মজিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ভোরে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকায় চার মিনিটের ব্যবধানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই সুন্দরগঞ্জ থানায় মামলা হয়। তদন্তে এ ঘটনায় মজিবর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।