চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কুমিল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যান এবং জামালপুর থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়। উদ্ধার করা শুঁটকির আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার ফেনী জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন, মো. আক্তার হোসেন, মো. বাবুল ও মো. নাদিম।
পুলিশ জানায়, গত রোববার রাতে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শ্যামল দাস মামলা করেন। গত মঙ্গলবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে জামালপুর সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের বরাতে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের একটি কোল্ড স্টোরেজের সামনে থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া ১৭৩ বস্তার মধ্যে ১৬০ বস্তা উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।