ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকার খুলনাগামী লেনে ভাঙ্গা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার শাহাদাত সরকারের ছেলে স্বাধীন সরকার (২০) ও ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকার মো. দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০)।
আহত দুজন হলেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার আব্দুর রহমান মাতুব্বরের ছেলে ইয়াসিন (২৮) ও ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা এলাকার মো. শওকত হোসেনের ছেলে রাজন (২১)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুটি মোটরসাইকেল ঢাকা থেকে খুলনাগামী লেনে দ্রুতগতিতে চলছিল। মোটরসাইকেল দুটির চালকের পেছনে আরও দুজন আরোহী ছিলেন। একপর্যায়ে একটি মোটরসাইকেল অন্যটির পেছনে ধাক্কা দেয়। এতে চার আরোহী সড়কে ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় চার আরোহীই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল রানা বলেন, দ্রুতগতির দুটি মোটরসাইকেল গোলচত্বর এলাকার খুলনাগামী লেন দিয়ে যাচ্ছিল। বেপরোয়া গতির কারণে মডেল মসজিদের সামনে একটি মোটরসাইকেল সামনে থাকা অপরটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়।
সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠায়। মরদেহ থানায় রয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।