দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ মে) এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আ হ ম শামসুল মুক্তাদির ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, ‘গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ (৫ মে) থেকে কার্যকর হবে। একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।’
উল্লেখ্য, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন মামুনকে অপহরণসহ সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এনসিপি নেতা জাকির আহম্মেদের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা করা হয়েছে। গত সোমবার এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী। সংবাদ সম্মেলনের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে এনসিপি জেলা কমিটি এই বহিষ্কার আদেশ প্রদান করে।
এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু জাকির আহম্মেদের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে বহিষ্কার করেছি। অভিযোগের সত্যতা পুলিশ প্রমাণ করবে। আমরা ব্যবস্থা নেব। আমরা সব সময় যে অপরাধী তার শাস্তির পক্ষে এবং যে ভিকটিম তার পক্ষে আছি। এটা নিয়ে কোনো ধরনের কোনো ধোঁয়াশা নাই। অপরাধী আমার দল বা কোনো দলের, সেটা বিষয় নয়, সে যে দলেরই হোক কিংবা আমি নিজে হলেও এর বিচার আমরা নিশ্চিত করব।’