হোম > সারা দেশ > ঢাকা

পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়বে বইমেলার সময়: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যে হারে সংক্রমণ কমছে, সেভাবে যদি চলতে থাকে, তাহলে অমর একুশে বইমেলার সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ সোমবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ মেলা হচ্ছে প্রকাশকদের মেলা। তারা এ মেলার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে থাকেন, আমরা কোনোভাবেই চাইব না, মেলার প্রাণশক্তি ক্ষতিগ্রস্ত হোক। গত বছর আমরা তাদের থেকে অর্ধেক ভাড়া নিয়েছি। আর এবার মেলার সময়সীমা যদি বাড়ানো হয়, তাহলে আমরা মনে করি, সেটি তাদের জন্য প্রণোদনা হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য আছে ৩৫টি প্যাভিলিয়ন। মেলার মূল আয়তন সাত লাখ বর্গফুট।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এবার আমরা মেলা আয়োজন করতে পারছি। মেলায় সরকারের স্বাস্থ্য প্রটোকল আমরা মেনে চলব। মেলায় সার্বক্ষণিক আমাদের একটি মোবাইল কোর্ট থাকবে। মেলার ভেতরে কেউ যেন মাস্ক ছাড়া থাকতে না পারে। আমরা প্রকাশক ও বিক্রেতা সমিতিকে বলেছি, প্রতিটি দোকানে নো মাস্ক নো সেল ব্যানার রাখতে হবে।’

সচিব আরও বলেন, ‘রেস্টুরেন্টে করোনা সংক্রমণ বাড়ে। তাই মেলার খাবারের দোকানে ঢুকতে হলে সবার অবশ্যই টিকা সনদ থাকতে হবে। গতকালই আমরা তাদের জানিয়ে দিয়েছি। খাবার আয়োজকদের আমরা জানিয়েছি, তাদের আঙিনায় যেন কেউ টিকা সনদ ছাড়া ঘুরতে না পারে।’

বাংলা একাডেমির সভাপতি কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বইমেলা আয়োজক কমিটির সদস্যসচিব ড. জালাল আহমেদ।

 

ধামরাইয়ে ড্রাম ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত, আহত ১

কৃষিজমি রক্ষা করেই এগ্রিভোল্টাইক সম্প্রসারণের আহ্বান

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি দখল ও বন্ধের অভিযোগ, ইউজিসি-শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চাইল প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড

খসড়া মানবাধিকার কমিশন আইনে সংশোধনের আহ্বান ব্লাস্টের

ডিএমটিসিএলে স্বতন্ত্র চাকরি-বিধিমালার দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

পুলিশের লুট হওয়া ৪ টিয়ার শেল, দুটি ম্যাগাজিনসহ রিভলবার উদ্ধার

আনসার সদস্যদের সক্রিয় ভূমিকায় জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে দালাল আটক, পুলিশে সোপর্দ

দেয়াল ধসে তিনজনের মৃত্যু: ট্রাকসেল টিসিবির নয়, ছিল ওএমএসের

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ ও বাড্ডা থেকে অজ্ঞাতনামা ২ মরদেহ উদ্ধার