ঢাকা-১৭ আসনের ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্রের একটিতে সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত ২৬৬টি ভোট পড়েছে। আজ সকাল সাড়ে ৯টায় আজকের পত্রিকাকে এই তথ্য জানান কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির।
তিনি জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ৩ হাজার ৬৮টি। সবাই পুরুষ ভোটার। সকাল সাড়ে ৭টা থেকে ৫টি বুথে ভোট গ্রহণ শুরু হয়। শুরু থেকেই ভোটার উপস্থিতি বেশি ছিল। সকাল ৯টা ১৮ মিনিট পর্যন্ত ২৬৬টি ভোট কাস্ট হয়েছে।
এদিকে স্কুলটির দুতলা ও তিনতলায় আরও দুটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের লাইন দেখা গেছে। কেন্দ্র দুটির প্রিসাইডিং অফিসাররা জানান, কেন্দ্র দুটিতে প্রায় তিন হাজার করে ভোটার রয়েছে। সকাল থেকেই ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে আসেন। কতজন ভোট দিয়েছে, তা গণনা করা হয়নি।
এর আগে সকাল থেকে কেন্দ্র তিনটির বাইরে দীর্ঘ লাইন দেখা যায়। প্রায় ৯ হাজার ভোটার তিনটি কেন্দ্রে। সবাই পুরুষ ভোটার। মুখলেসুর রহমান নামের এক ভোটার বলেন, ‘সকালে এসে লাইনে দাঁড়িয়েছি। লাইনে দাঁড়িয়ে আছি। তবে ভোটের পরিবেশটা ভালোই দেখছি।’