হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টার মামলা: আদালতে জামিননামা দাখিল করলেন জামায়াতের এমপি নজরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ওবায়দুর রহমান। ফাইল ছবি

তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর এবং শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম আদালতে জামিননামা দাখিল করেছেন। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদের আদালতে হাজির হয়ে তিনি জামিননামা দাখিল করেন।

এই মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট তাঁকে আট সপ্তাহের জন্য আগাম জামিন দেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি নিম্ন আদালতে জামিননামা দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

গত ২২ জুলাই গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় এই মামলা হয়। মামলার আসামিরা হলেন গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

আসামিদের মধ্যে আমিনুর রহমান মামলার বাদী ওবায়দুর রহমানের চাচাতো ভাই।

এজাহারে বলা হয়েছে, বাদী ওবায়দুর রহমান পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তাঁর বোনের বাসায় বসবাস করতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে নিয়োজিত ছিলেন। আত্মীয়তার সূত্রে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগনির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওবায়দুর তাঁর পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম তাঁকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীর অভিযোগ, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তাঁর ভাগনির কিছু ‘অপ্রীতিকর ভিডিও’ সংগ্রহ করে নজরুলকে ব্ল্যাকমেল করতে থাকে। নজরুল ইসলামের ধারণা হয়, ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এ নিয়ে বিরোধের জেরে গত ১৪ জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের ওপর হামলা চালান।

ঘটনার বর্ণনা দিয়ে ওবায়দুর বলেন, ওই দিন বেলা ১১টার দিকে আসামি আমিনুর রহমান তাঁকে কৌশলে ড্রয়িংরুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিরা মিলে তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আমিনুর তাঁকে মেঝেতে ফেলে গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। ওবায়দুরের মা তাহমিনা ও ছোট বোন মীম এগিয়ে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা পালিয়ে যান। আহত অবস্থায় ওবায়দুর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নেন।

এজাহারে ওবায়দুর আরও উল্লেখ করেন, হামলার পর থেকে আসামিরা তাঁকে যেখানে পাবেন, সেখানেই হত্যা করবেন বলে হুমকি দিচ্ছেন। বর্তমানে তিনি নিরাপত্তার অভাবে আত্মগোপনে রয়েছেন।

ধান গবেষণা ইনস্টিটিউট: গবেষণার পুকুর লিজ, মাছের টাকা নেতাদের পকেটে

পল্লবীতে বাসে আগুন

বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামীর দাবি আত্মহত্যা

৭ নভেম্বর ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে বিএনপির দ্বিচারিতা আছে: হাসনাত

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী: সাখাওয়াত হোসেন

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ

নিউগিনি আবাসন প্রকল্পে আবার হামলা, আটক ৫

রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

কলেজ প্রশাসন পুলিশ ডাকেনি, মধ্যরাতে হামলার তদন্ত দাবি অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের

কেরানীগঞ্জে চাঁদাবাজির মামলার বাদী গ্রেপ্তার, ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ