বগুড়ার শিক্ষক মো. সাজ্জাতুল ইসলাম এবং গোপালগঞ্জের শিক্ষক মনোজকান্তি বিশ্বাসকে নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রধান শিক্ষক পরিষদ (প্রশিপ)। আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে প্রধান শিক্ষক পরিষদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা এ দাবি জানায়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, বগুড়ায় ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক হাইস্কুলের প্রধান শিক্ষকের দাঁত ভেঙে দেওয়া এবং গোপালগঞ্জে একজন সহকারী শিক্ষা অফিসার কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও তিনি উল্লেখ করেন। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ব্যবস্থাপনা কমিটি এবং গভর্নিং কমিটি দুরাচার বন্ধ করতে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান। তিনি এক সপ্তাহের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে স্বাশিপের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
সুশিক্ষিত, শিক্ষা অনুরাগী ও সৎ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির পদে বসানোর দাবি জানিয়ে শাহজাহান আলম সাজু আরও বলেন, বর্তমানে সারা দেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের স্বপ্নে বিভোর, প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যৌক্তিক বলে মেনে নিয়েছেন, তখন একটি মহল তা বানচাল করতে লিপ্ত হয়েছে। তাদের শক্ত হাতে দমন করতে শিক্ষকদের উদ্দেশে আহ্বান জানান তিনি।
প্রধান শিক্ষক পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, কারিগরি শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,, প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খন্দকার, অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যক্ষ নূর হোসেন, অধ্যক্ষ গোলাম মোস্তফা খোসনবিশ, মো. সুলতান আহমেদ, ড. নজরুল ইসলাম, মিসেস আম্বিয়া খাতুন, গিয়াস উদ্দিন প্রমুখ।