হোম > সারা দেশ > ঢাকা

ঈদের পর দিনও কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের পর দিনই সরগরম হয়ে উঠেছে কমলাপুর রেলস্টেশন। বাড়ি ফিরতে ট্রেনগুলোতে ছিল ঘরমুখী মানুষের ঢল। বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করছেন কমিউটার ও লোকাল ট্রেনের কাউন্টারে। আজ শুক্রবার বেলা ১১টায় কমলাপুর রেলস্টেশন ঘুরে এ চিত্র দেখা গেছে। 

সরেজমিন দেখা যায়, স্টেশনে যাত্রী নিয়ে ছুটে চলার জন্য অপেক্ষা করছিল সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস, জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, খুলনাগামী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজশাহী এক্সপ্রেস। প্ল্যাটফর্মের বাইরে কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারে মানুষের ভিড়। বিশেষ করে ১২টা ২০-এ ছেড়ে যাবে রাজশাহী কমিউটার। এই ট্রেনের টিকিটের চাহিদা ছিল বেশি। 

প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। সিলেটে বাড়ির উদ্দেশে পরিবার নিয়ে যাচ্ছিলেন সম্রাট হোসেন। স্ত্রী-কন্যাকে নিয়ে কমলাপুর স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। সম্রাট হোসেন বলেন, ‘আমি কাপড়ের ব্যবসা করি। ঈদের চাঁদরাত পর্যন্ত দোকানে বেচাকেনা করেছি। আজ বাড়ি ফিরছি, কয়েক দিন থাকব।’ 

সম্রাট হোসেনের মেয়ে সারা হোসেন বলেন, ‘গ্রামে দাদাবাড়িতে গিয়ে ঘুরতে ভালো লাগে। অনেক আনন্দ হচ্ছে, বাড়িতে ভাইয়া-আপুদের সঙ্গে খেলতে পারব।’ 

এদিকে, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচটি ট্রেন কমলাপুর রেলস্টেশনে ফিরেছে। যমুনা, ঢাকা মেইল, নকশীকাঁথা এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে ঢাকা ফিরতে শুরু করেছেন অনেকে। তবে চাপ ছিল না খুব বেশি। 

শাহ আলম নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মজীবী বলেন, ‘এবার ঈদের আগে অনেক দিন ছুটি থাকায় আগে আগেই বাড়ি ফিরেছিলাম। ঢাকায় কিছু কাজ আছে বলে সকালের ট্রেনে ঢাকা ফিরলাম।’ 

কমলাপুর রেলস্টেশনের মাস্টার (২) জানান, সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে ছেড়ে যাওয়া ১৪টি ট্রেনের নির্ধারিত সিটের বাইরে স্ট্যান্ডিং টিকিট কেটেও বিপুলসংখ্যক যাত্রী বাড়িতে ফিরেছেন।

শাহবাগে অবস্থান প্রাথমিকের সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্তদের, যোগদান এগিয়ে আনার দাবি

রাজধানীর কলাবাগানে মা ও মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতা আটক

রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১, মামলা ৭০টি

জুতার ছাপ মেলায় গ্রেপ্তার হলেন স্বামী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জুলাইয়ের স্মৃতি রক্ষায় দেয়ালে গ্রাফিতি পুনর্লিখন শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনা: সাড়ে ৬ বছরে নিহত ১,৩৮৪

দেড় ঘণ্টা লুকিয়ে রাখা হয় ফুল বিক্রেতা জাহিদের লাশ

‘চিনিগুঁড়া’ বলে কম দামে সুগন্ধিযুক্ত মোটা চাল বিক্রির অভিযোগ, প্রতারিত হচ্ছে ক্রেতা

কেরানীগঞ্জে ১০ দিন ৭ মরদেহ উদ্ধার, উদ্বেগে এলাকাবাসী