আসন্ন ঈদযাত্রায় জনগণকে সহায়তা দিতে ও তাদের অভিযোগ ঢাকার প্রধান বাস টার্মিনালগুলোতে ‘প্যাসেঞ্জার হেল্প ডেস্ক’ স্থাপন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল ইসলাম। সেই সঙ্গে ঈদযাত্রায় কোনো বাড়তি ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করার লক্ষ্যে’ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান সাইফুল ইসলাম। সভার আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল মালিক–শ্রমিক ঐক্য পরিষদ। এতে ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহন মালিক, চালক ও সহকারীরা অংশ নেন।
সাইফুল আলম বলেন, ঈদযাত্রায় কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি করা যাবে না। ইতিমধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রার সময় ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না। দুর্ঘটনা এড়াতে নির্ধারিত গতির বেশি বাস চালানো যাবে না এবং চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে।
সংগঠনটির মহাসচিব সাইফুল আলম বলেন, বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। ঈদের সময় পরিবহনে কোনো ধরনের চাঁদা আদায় করতে দেওয়া হবে না। চালকেরা যাতে নির্বিঘ্নে বাস চালাতে পারেন, সেটি নিশ্চিত করা হবে।
সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো.শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রী হয়রানি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায় কঠোরভাবে দমন করা হবে।
মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের কার্যকরী সভাপতির সভাপতিত্বে সভায় ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতিসহ অন্যরা বক্তব্য দেন। ঈদকে সামনে রেখে বাস টার্মিনালগুলোতে যাত্রীসেবা ও তদারকি বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।