রাজধানীর কদমতলীতে আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে হামলায় আহত রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসায় ফেরার পথে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় এলাকায় হামলার শিকার হন তিনি। যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।
নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় রাসেলের মা মাকসুদা বেগম একজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ২-৩ জনকে আসামি করে কদমতলী থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রাসেল একটি রড কারখানায় কাজ করতেন। আর্জেন্টিনার খেলা দেখে সোমবার দিবাগত রাত ২টার দিকে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় যাচ্ছিলেন তিনি। পথে পূর্ব শত্রুতার জেরে হানিফ (৩০) ও তাঁর সঙ্গে থাকা দুই-তিনজন রড ও কাঠ দিয়ে রাসেলকে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের পাগলায় পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয় যাত্রাবাড়ীর শনিরআখড়া প্যারামাউন্ট স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বুধবার সকালে তিনি মারা যান।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ‘নিহত রাসেলকে মারধরের ঘটনায় তাঁর মা থানায় মামলা করেন। যেহেতু ভুক্তভোগী রাসেল মারা গেছেন, কাজেই এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’