হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে গুলিবিদ্ধ ‘২ জনের’ খোঁজ পাচ্ছে না পুলিশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলে ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১২ নম্বরের ই-ব্লকের ৬ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহত দুজনের বর্তমান অবস্থানের বিষয়ে কেউ নিশ্চিত হতে পারেনি।

আজ বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

পুলিশ জানিয়েছে, হৃদয় ওরফে গন্ডার (২৫) ও আব্দুল্লাহ (২৫) নামের দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাঁদের বর্তমান অবস্থান শনাক্তে কাজ চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর মোরাপাড়া বিহারি ক্যাম্প এলাকার রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২৬) ও তাঁর সহযোগীদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলের সৃষ্টি হয়। এর জেরে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আকাশ ওরফে টান আকাশ (৩০), পারভেজ ওরফে র‍্যাপার পারভেজ (২৪) ও আলামিন (২৫) নাম উল্লেখ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেট কারে করে কয়েকজন ব্যক্তি আসেন। গাড়িটি ৬ নম্বর রোডের মুখে থামার কিছুক্ষণের মধ্যেই কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে জানা যায়, আব্দুল্লাহ ও হৃদয় ওরফে গন্ডার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁরা বর্তমানে কোথায় আছেন, তা জানা যায়নি।

‎‎‎‎আজ বিকেল ৪টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লোকজন ছড়িয়ে-ছিটিয়ে গতকালের ঘটনা নিয়ে গল্প করছেন। কাকে গুলি করেছে, কারা গুলি করেছে—এসব ঘটনা নিয়ে আলোচনা করছেন। তবে ঘটনাস্থলে কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি।

‎‎প্রত্যক্ষদর্শী এক রিকশাচালক শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘একটা প্রাইভেট কার এসে ৬ নম্বর রোডের মুখে থামে। গাড়িতে চার-পাঁচজন ব্যক্তি ছিল। কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দ শুনি। পরে সকালে শুনলাম বায়তুল আযমত জামে মসজিদের সামনে ও ৬ নম্বর রোডে দুইজনের গুলি লাগছে।’

‎‎স্থানীয় বাসিন্দারা জানান, মিরপুর পল্লবী এলাকায় রুবেল ও রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২৬) এবং তাঁর সহযোগীরা এলাকায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার করছে দীর্ঘদিন ধরে। আহত ব্যক্তিরাও তাঁদের সঙ্গে মিলে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কাজ করেন। তাঁদের মধ্যে কোনো বিষয়ে অন্তর্কোন্দলের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।

ঘটনার পর পল্লবী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগী কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার পর হৃদয় ওরফে গন্ডারের সহযোগীরা আব্দুল্লাহকে তুলে নিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে। এখন পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) মো. হানিফ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা বিষয়টি নিয়ে তদন্তকাজ শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করছি, তারা নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে জড়িয়ে একে অপরের ওপর হামলা চালিয়েছে। দুজন আহত হয়েছে শোনা যাচ্ছে, কিন্তু তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়গুলো গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।’

মোহাম্মদপুরে ইন্টারনেটের অফিসে হামলা-লুটের অভিযোগ

প্রবাসীর ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

ইউনেসকোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান বিদ্যালয়

মিরপুরে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, ৩ জনকে এক বছরের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে আহত ২৪

নাগরিকদের ভালো অভ্যাসের উৎসাহ দিতে ‘সিটি ইন্সপেক্টর’ নামাচ্ছে ডিএসসিসি

ঢামেক এলাকায় দুই বাসের চাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির কর্মচারীর

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা মামলায় গ্রেপ্তার দুই ব্যক্তি রিমান্ডে

রায় ঘোষণার আগে নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন