চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ. ফ. ম. আনোয়ার হোসেন খাঁন।
ডিসি আ. ফ. ম. আনোয়ার হোসেন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে গুলশান-২-এর ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি সূত্র জানায়, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।