হোম > সারা দেশ > ঢাকা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

অবৈধপথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) মাদারীপুরের রাজৈর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন গুরুদাস বারই (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮)।

আজ মঙ্গলবার রাজধানীর সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

ছিবগাত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁরা এজাহারনামীয় মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও লোক সংগ্রহের কাজ করতেন এবং ভুক্তভোগী ব্যক্তিদের বিদেশে পাচারের পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিউনিসিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। এতে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলে সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজিব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) ও ইমরুল কায়েস আপন (২৪)।

ছিবগাত উল্লাহ বলেন, নৌকাডুবির পর চারজনের মরদেহ তিউনিসিয়ার Gabes University Hospital এবং অন্য চারজনের মরদেহ Djerba General Hospital-এর মর্গে রাখা হয়। পরে সরকারি প্রক্রিয়ায় মরদেহগুলো দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী একটি মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সিআইডির প্রধান আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার, অপরাধলব্ধ অর্থের লেনদেনের পথ নিরূপণ এবং পুরো মানব পাচার চক্রের নেটওয়ার্ক উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

রাজধানীতে ‘সিনিয়র–জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ শামীমসহ ৮ ছিনতাইকারী গ্রেপ্তার: র‍্যাব

গণপিটুনিতে যুবক আহত, পরে পুলিশ হেফাজতে মৃত্যু

ফ্ল্যাট দুর্নীতি: টিউলিপ সিদ্দিকের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর

রাজধানীতে পৃথক স্থানে কিশোর ও যুবকের আত্মহত্যার অভিযোগ

বিমানবন্দরে যাত্রীর হারানো ব্যাগ-ল্যাপটপ উদ্ধার করে হস্তান্তর করলেন আনসার সদস্যরা

ঢাবিতে নারী হেনস্তার অভিযোগ, তিন দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার