রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের ৪৮ /১ /ই বাসার সামনে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে হাজারীবাগ থানা-পুলিশ বুলেটকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, রাতে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে যে, ভাগলপুর লেনে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান। তার মাথায় ছুরির একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এসআই তৌহিদ আরও জানান, সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ ঘটার কারণ তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। বুলেটের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।