হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে বিএনপির ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি

দুই পক্ষের সংর্ঘষ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মিল্টন বৈদ্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতুড়িপেটার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দুপুরে কর্মী-সমর্থক নিয়ে কালিরবাজার এলাকায় গণসংযোগে যান কলস প্রতীকের প্রার্থী মিল্টন বৈদ্য। গণসংযোগ চলাকালে ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া ও মিল্টন বৈদ্যের সমর্থকেরা মুখোমুখি অবস্থান নেন। পরে উভয় পক্ষ নিজ নিজ প্রতীকের স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হন।

আহত ব্যক্তিরা হলেন বেল্লাল ব্যাপারী, অ্যাডভোকেট মহিদুল মাতুব্বর, বেল্লাল মাতুব্বর, জহিরুল ইসলাম প্রমুখ। আহত ব্যক্তিদের মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বেল্লাল মাতুব্বর নামের একজনকে হাতুড়িপেটা করায় গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য বলেন, ‘ধানের শীষের স্লোগান দিয়ে আমার কর্মী-সমর্থকদের ওপর হঠাৎ হামলা চালানো হয়। এ সময় কয়েকজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। এই ঘটনায় আমার ১০ জন কর্মী-সমর্থককে আহত করা হয়েছে। এর মধ্যে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করায় তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। এ সময় একাধিক মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়। প্রশাসন আইনি পদক্ষেপ না নিলে সুষ্ঠু নির্বাচনে এই হামলা বড় বাধা হতে পারে। আমি এই ব্যাপারে সঠিক তদন্ত করে বিচারের দাবি জানাই।’

ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী মিয়া বলেন, ‘ধানের শীষের কর্মীদের ওপর হামলা চালালে তা প্রতিরোধ করে আমার সমর্থকেরা। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি। আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে মিল্টনের লোকজন। আমি এর বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ওই এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্তা আছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ দিল টিআইবি

ডাকাতির চেষ্টার সময় জোড়া খুন: ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

হজযাত্রার প্রস্তুতি দেখতে হজ ক্যাম্প-বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

মোহাম্মদপুরে গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা করল অপর গ্রুপ

ওয়াসার সাবেক এমডি সালামকে দুদকের জিজ্ঞাসাবাদ

সরকারের নিস্পৃহতায় সহিংসতা বাড়ছে: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা, যুবক রিমান্ডে

সড়কে দুর্ঘটনা কমাতে নিসচার সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক

আইনজীবী মাসদারের বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যা বললেন আইনমন্ত্রী