রাজধানীর আদাবর এলাকায় এক যুবককে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃত মো. সজিবকে (২৬) উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় একজন গাড়িচালক, থাকেন মোহাম্মদপুরের বছিলা এলাকায়। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।
মঙ্গলবার বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানিয়ে বলেন, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে আদাবর থানাধীন আদাবর রোড-১৩ এলাকার শেলটেক কোম্পানির ভবনের পাশে একটি পরিত্যক্ত রিকশা গ্যারেজে সজিবকে আটকে রাখা হয়। এ ঘটনায় তার বোন মোছা জিতু আক্তার আদাবর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার বর্ণনায় এডিসি বলেন, পূর্বপরিচিত জয়নাল নামের এক ব্যক্তি সজিবকে আদাবর বাজার এলাকায় ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ৯ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে। পরে তাকে আদাবর এলাকার বিভিন্ন স্থানে নিয়ে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে একটি রিকশা গ্যারেজে আটকে রাখা হয়। অপহরণকারীরা সজিবের পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি রূপার চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
এডিসি জুয়েল রানা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভুক্তভোগীর বড় ভাই ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাইয়েরও সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।