হোম > সারা দেশ > ঢাকা

খামারের আড়ালে ঘোড়া জবাই, ১১টি জীবিত ও ৮টি জবাই করা ঘোড়া উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি 

কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের মাসক গ্রাম থেকে ১১টি জীবিত ও ৮টি জবাই করা ঘোড়া উদ্ধার করেছে প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কাপাসিয়ায় খামারের আড়ালে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক গ্রাম থেকে ১১টি জীবিত ও আটটি জবাই করা ঘোড়া উদ্ধার করেছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের বাড়িতে অপরিচিত লোকজনের আনাগোনা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। স্থানীয়রা জড়ো হয়ে বাড়িতে প্রবেশ করে অনুসন্ধান চালালে ঘোড়া জবাই করার দৃশ্য দেখতে পান। এ সময় গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে কসাই ও সহযোগীরা পালিয়ে যান।

পরে উত্তেজিত গ্রামবাসী ঘোড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভাঙচুর করে এবং একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে গরুর খামারের আড়ালে ঘোড়ার মাংসের অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় এই অপকর্ম শুরু করেন। বাড়িটি নির্জন এলাকায় হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম ছিল; যা তিনি সুযোগ হিসেবে ব্যবহার করতেন।

খবর পেয়ে গাজীপুরের সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা ও ট্রেজারি শাখা জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধির দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল সেখানে অভিযান চালান।

অভিযান শেষে তিনি জানান, অভিযান পরিচালনা করে ওই বাড়ির ভেতরে আটটি জবাই করা ঘোড়া পাওয়া গেছে এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। পরে জবাই করা ঘোড়াগুলো মাটি চাপা দেওয়া হয়। জীবিত ঘোড়াগুলো স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আতিকুর রহমান, ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ওহাব খান খোকা, কাপাসিয়া থানার উপপুলিশ পরিদর্শক জিহাদুল হক প্রমুখ।

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ী ও সায়েদাবাদে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৬

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৬ জন গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার

সরকারের প্রতিশ্রুতি: হাজার কোটির আবাসন হচ্ছে তিন বস্তিতে

চিড়িয়াখানায় এল কমন ইল্যান্ড আর ওয়াইল্ডবিস্ট

জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে আইনজীবী রিমান্ডে