ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা বাতিলসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন রিকশাচালকেরা। আজ সোমবার সকাল ১০টা থেকে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশাচালকেরা অংশ নিয়েছেন। আয়োজক সংগঠনটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সম্পৃক্ত।
সমাবেশকারীদের দাবির মধ্যে রয়েছে— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান, বৈধ রুট পারমিট দেওয়া, অনুমোদিত রাস্তায় নির্বিঘ্নে চলাচলের সুযোগ এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও চার্জিংয়ের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা।
এ ছাড়া রিকশা আটক, ডাম্পিং ও চালকদের হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা। সমাবেশ শেষে ১২ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেওয়ার কর্মসূচি রয়েছে।
সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ এসব যানবাহনের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট জোন ও রুটে চলাচল, ঘণ্টায় সর্বোচ্চ ২৫ কিলোমিটার গতিসীমা এবং জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও নির্দিষ্ট প্রধান সড়কে চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
নতুন বিধিমালার এসব বিধিনিষেধের বিরোধিতা করছেন চালকেরা। তাঁদের দাবি, জীবিকা নির্বাহের স্বার্থে অনুমোদিত সড়কে নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিতে হবে।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল কমে গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।