রাজধানীতে নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৪৯ জন, মিরপুরে ১০৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে গ্রেপ্তারদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬টি ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্রাইন্ডিং মেশিন এবং একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।