হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে গোডাউনে এখনো আগুনের শঙ্কা ব্যবসায়ীদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের এসেছে। তবে বিকেল বেলা ৩টা পর্যন্ত গোডাউনের ভেতর থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায়। ব্যবসায়ীদের শঙ্কা গোডাউনের আগুন এখনো পুরোপুরি নেভেনি।

সরেজমিনে গেলে দেখা যায়, মুনসুর খান প্লাজা ও তার পাশের আরএম ভবনে ৬ষ্ঠ ও ৭ম তলার গোডাউনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এমনকি ভেতরে আগুনের তাপও বিদ্যমান। একই কথা বলছেন সেখানকার একাধিক ব্যবসায়ী।

এফএম লেদার দোকানের স্বত্বাধিকারী খরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, আমার ৬তলায় ১৫ থেকে ২০ লাখ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভ্যানিটি ব্যাগ সব ছিলো। অন্যদের তো কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।

ওই ভবনে গোডাউনে কাজ করা কর্মচারী মো. সাকিব জানান, আগের আগুনের ভয়াবহতা কমেছে ঠিকই কিন্তু ধোঁয়ায় গোডাউনের আশপাশে থাকা মালামাল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে এখনো আগুন রয়েছে বলে জানান তিনি। ওই ভবনে কালার কসমেটিকস, ব্যাগের গোডাউন ছিল। অক্ষত অনেক মালামাল ধোঁয়ায় কালো হয়ে গেছে।

ফায়ার ফাইটার রাব্বানী জানান, মালামাল ভেতরে থাকার কারণে প্রচুর ধোঁয়া ওর মধ্যে রয়েছে। এ জন্য পানি মারলেই প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।

স্থানীয়রা জানান, এখনো প্রচণ্ড তাপ ভেতরে। একদিকে পানি সংকট, অন্যদিকে ভেতরে আগুন এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। চারপাশে সরু পথ, অলিগলির কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

উল্লেখ্য গতকাল সোমবার পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামের মার্কেটে বিকেল ৫টার দিকে ষষ্ঠ তলার একটি দোকানে আগুন লাগে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং পরে আরও পাঁটি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে।

আরও পড়ুন: