রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫৩টি মামলা হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন, তেজগাঁও বিভাগে ৭৬, মতিঝিল বিভাগে ৬৮, ওয়ারী বিভাগে ৫০, লালবাগ বিভাগে ৪১, রমনা বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৫, গুলশান বিভাগে ১৮, গোয়েন্দা বিভাগে ৭ এবং সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন।
অভিযানে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩টি ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯টি মোটরসাইকেল, ২৬টি মুঠোফোন, ৪০৫টি সিমকার্ড, ১টি অটোরিকশা ও ১ হাজার ৫০৫ টাকা জব্দ করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।