রাজধানীর ডেমরার দক্ষিণ হাজিনগর এলাকার একটি বাসা থেকে জোসনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তাঁর স্বামী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজ শনিবার বেলা দেড়টার দিকে দক্ষিণ হাজিনগর এলাকার একটি টিনশেড বাসার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জোসনা বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামে। তাঁর বাবার নাম আবু কালাম। তিনি স্বামী, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ডেমরার দক্ষিণ হাজিনগর এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
জোসনার স্বামী মোহাম্মদ ফারুক হোসেন জানান, তিনি পেশায় বাসচালক। সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে জোসনা অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন স্ত্রীকে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেন জানান, খবর পেয়ে বেলা দেড়টার দিকে ওই বাসার একটি কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে তিনি নিজ কক্ষে গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।