হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মধ্যরাতে গুলিতে নিহত যুবদল কর্মী, গুলিবিদ্ধ দুই পথচারী, অস্ত্রধারী আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে যুবদলের এক কর্মী নিহত ও দুই পথচারী আহতের ঘটনায় এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলির ঘটনা ঘটে।

ঘটনার পর পালানোর সময় স্থানীয়রা এক সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিহত ব্যক্তির নাম মো. ইউসুফ আলী (৪৫)। তিনি কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। এতে আহত দুজন হলেন—সবজি বিক্রেতা নালাম সরদার (৪৫) ও মনির হোসেন (৩২)।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউসুফসহ সাত-আটজন স্থানীয় বাসিন্দা ওই প্রাথমিক বিদ্যালয়ের সামনে কথা বলছিলেন। হঠাৎ তিনজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

বুলেটের আঘাতে ইউসুফ মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর শরীরে দুটি গুলি লাগে। গুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চঞ্চল (২৩) নামে এক অস্ত্রধারীকে ধাওয়া করে আটক করে। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত নালাম সরদার পেশায় একজন সবজি বিক্রেতা। ভ্যানে করে সবজি বিক্রি করা নালামের বাড়ি পিরোজপুরে; জীবিকার তাগিদে মাত্র এক সপ্তাহ আগে তিনি ঢাকায় এসেছিলেন। অপর আহত মনির হোসেন স্থানীয় বাসিন্দা।

কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত অন্য তিনজনকে চিহ্নিত করা এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও রহস্য উদ্‌ঘাটনে কাফরুল থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

মতিঝিলে ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে ‘বোমা’, বিস্ফোরণে নিষ্ক্রিয়

ইতালির কথা বলে তরুণকে কেনিয়ায় বিক্রির অভিযোগ, দালাল গ্রেপ্তার

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: শফিকুর রহমান

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দুজনের মৃত্যু

গ্যাসের অভাবে দীর্ঘ অপেক্ষা

গণহত্যার দায়ে আ.লীগের বিচার দাবি ১১ দলের