হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে নির্বাচনী প্রচারে সংঘর্ষ, গণঅধিকার পরিষদের তিন কর্মী আহত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি  

আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর কর্মী-সমর্থকদের হামলায় বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনের তিন কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর দক্ষিণ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সুবিল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মাইক প্রচারক মো. গোলাম হাক্কানি (৪৩), একই গ্রামের জনু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সুমন (৩০) এবং ছত্তর মিয়ার ছেলে প্রতিবন্ধী সুজন (২০)। তাঁরা সবাই বিএনপির সমর্থক এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনের পক্ষে সিএনজিচালিত অটোরিকশায় মাইক নিয়ে প্রচারণায় যুক্ত ছিলেন।

আহত ব্যক্তিদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক গুরুতর আহত গোলাম হাক্কানিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। এই ঘটনায় গোলাম হাক্কানির ভাই ফয়েজ আহমেদ সরকার বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ফয়েজ আহমেদ সরকারের অভিযোগ, ট্রাক প্রতীকের পক্ষে প্রচার শেষে সিএনজি ও মাইক দোকানে জমা দিতে যাওয়ার সময় এনসিপির সমর্থক কামাল হোসেনের নেতৃত্বে ২৫-৩০ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তাঁর ভাইসহ তিনজন গুরুতর আহত হন।

অন্যদিকে ওয়াহেদপুর গ্রামের এনসিপি সমর্থক আলী হোসেন বলেন, রাত ৮টার পর মাইকিং নিষিদ্ধ থাকায় এবং ঘুমের ক্ষতি হয় বলায় তাঁদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট-সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন হাসনাত আবদুল্লাহ। অপর দিকে ঋণখেলাপির দায়ে বিএনপির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ার পর বিএনপি জোটের শরিক দল গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দিয়ে মাঠে নামে বিএনপি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ট্রাক প্রতীকের সমর্থকদের ওপর হামলার ঘটনায় দু-তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে যাবে: মঞ্জুরুল

কুমিল্লার দেবিদ্বার: পারিবারিক বিরোধে বন্ধ সড়কের কাজ, ভোগান্তি

কুমিল্লা-৪: জসিমের পাশে বিএনপি, চাপে হাসনাত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার যুবক নিহত

তিতাসের দুলারামপুর বাজারে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

হাসনাতের প্রতিদ্বন্দ্বী ট্রাকের প্রার্থীকে বিএনপির সমর্থন

বাজারে আগুন, পুড়ল ২০ দোকান

বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক