বার্ধক্যের দুর্বলতাকে হার মানিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন শতবর্ষী রাবেয়া খাতুন। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।
রাবেয়া খাতুন চৌয়ারা ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মৃত উমর আলীর স্ত্রী। পরিবারের নবীন সদস্যদের হাত ধরে তিনি কেন্দ্রে আসেন। বয়সের ভারে ন্যুব্জ হলেও ভোটাধিকার প্রয়োগে পিছপা হননি তিনি।
ভোট দিয়ে বেরিয়ে রাবেয়া খাতুন বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখছি। কিন্তু এত মানুষকে একসঙ্গে ভোট দিতে আসতে অনেক দিন পর দেখলাম। শরীর যতই দুর্বল হোক, ভোট না দিলে মন শান্তি পায় না। দেশের ভালো হোক—এই দোয়া করি।’
স্থানীয় বাসিন্দারা বলেন, রাবেয়া খাতুনের মতো প্রবীণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ভোটাধিকার প্রয়োগে মানুষের আগ্রহ ও প্রত্যাশা এখনো অটুট।
কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘শতবর্ষী এই নারীকে দেখে অন্য ভোটাররাও অনুপ্রাণিত হয়েছেন। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদের উপস্থিতি এবারের ভোটকে আরও তাৎপর্যময় করে তুলেছে। আমরা কেন্দ্রে কোনো বয়োবৃদ্ধ ভোটার এলে তাঁদের সারিতে না রেখে সরাসরি ভোটদানের সুযোগ করে দিচ্ছি।’