২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫ শতাংশের নিচে থাকা ১৩টি কলেজের একাদশ শ্রেণির কার্যক্রম স্থগিত করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর একাডেমিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরিন স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার শূন্য থেকে ৫ শতাংশের মধ্যে ছিল, সেসব প্রতিষ্ঠানের ফল অত্যন্ত হতাশাজনক বলে বিবেচনা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় বোর্ড কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. সামছুল ইসলাম বলেন, ‘যেসব প্রতিষ্ঠান বোর্ডের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে এবং দীর্ঘদিন ধরে দুর্বল ফল করছে, তাদের বিরুদ্ধে সাময়িক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।’
সামছুল ইসলাম আরও বলেন, ‘বোর্ডের পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, পাসের হার ৫ শতাংশের নিচে থাকা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পাঠদান এবং একাডেমিক স্বীকৃতি সাময়িকভাবে স্থগিত রাখা হবে।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. নুরুন্নবী আলম বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার সতর্ক করা হলেও তারা শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। এ জন্য বোর্ড বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে।’
নুরুন্নবী আলম আরও বলেন, ‘এই সিদ্ধান্ত অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানের ফলাফল ধারাবাহিকভাবে খারাপ হলে তাদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’