কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর এলাকায় শিবপুর-চর গোয়ালি আঞ্চলিক সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন নারী রাস্তার পাশে ওই নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা চিৎকার করলে আশপাশের পথচারী ও এলাকাবাসী সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা দাউদকান্দি মডেল থানায় বিষয়টি জানান।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে রেখে গেছে।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।