হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি

উখিয়ায় সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার থাইংখালী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের দায়ের কোপে নুরুল আমিনের মাথায় মারাত্মক জখম হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে পালংখালী থেকে মরিচ্যা পর্যন্ত মহাসড়কের দুই পাশে ছোট-বড় ও দূরপাল্লার কয়েক শ যানবাহন আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে নুরুল আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। নুরুল আমিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

এদিকে হামলার প্রতিবাদে উখিয়া স্টেশন, বালুখালী, থাইংখালী, জামতলী ও পালংখালী স্টেশনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

পালংখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী বলেন, নুরুল আমিন মেম্বার একজন জনপ্রিয় নেতা। তাঁর ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ চলবে।

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি নেতা নুরুল আমিনের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসী আলমগীরসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

মালয়েশিয়া পাচারের সময় টেকনাফে ৯ জন উদ্ধার

পাহাড়ে ৩ মরদেহের খবরে যৌথ বাহিনীর অভিযানে মিলেছে গুলি, খালি খোসা ও এনআইডি

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক

পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে, ৩ মরদেহ পড়ে থাকার খবর

৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল মৌসুমের প্রথম জাহাজ

ইনানীতে ভাড়া বাসা থেকে সি পার্লের স্পা কর্মীর মরদেহ উদ্ধার

টেকনাফে ইয়াবার চালান লুটের জেরে দুজনকে পিটিয়ে হত্যা, আহত ২

সেন্ট মার্টিন নৌরুটে ৩ জাহাজের অনুমোদন, কক্সবাজার থেকে চলাচল শুরু কাল

টেকনাফে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ, বুধবার থেকে গ্যাস সরবরাহ কমবে চট্টগ্রামে