চট্টগ্রামে আয়োজিত জব্বারের বলীখেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ‘হ্যাটট্রিক’ করেছেন কুমিল্লার বলী বাঘা শরীফ।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে লালদীঘি ময়দানে বলীখেলার ১১৭তম আসরের ফাইনাল ম্যাচের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রাশেদ বলীকে হারিয়ে তিনি আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আজ বিকেলে এই খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা সোয়া ৩টায় বলীখেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। এরপর দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া ১০৮ জন বলী তুমুল প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হন। একের পর এক লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন বাঘা শরীফ ও রাশেদ বলী।
এবারের আসরে গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানারআপ রাশেদসহ প্রথম চারজন সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেন। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রথম রাউন্ডের বাছাই পেরিয়ে আসা বাগেরহাটের মো. মামুন, কুমিল্লার দিপু, নারায়ণগঞ্জের নুরুল ইসলাম ও সাভারের মো. মিঠু।
কোয়ার্টার ফাইনালে গতবারের সেমিফাইনালিস্ট শাহজালাল খেলেছেন নুরুল ইসলামের বিরুদ্ধে, মিঠু লড়েন কামালের বিরুদ্ধে, বাঘা শরীফ খেলেন দিপুর বিরুদ্ধে এবং রাশেদ খেলেন মামুনের সঙ্গে।
বাঘা শরীফ সেমিফাইনালে সহজে শাহজালালকে হারিয়ে ফাইনালে ওঠেন। গতবার হারের প্রতিশোধ নিতে এবারও বাঘা শরীফের সঙ্গে কুস্তিগিরিতে নেমেছিলেন রাশেদ বলী। তবে এবারও পারলেন না রাশেদ বলী। এতে গতবারের মতো রানারআপ হন তিনি।
এদিকে শাহজালালের সঙ্গে মিঠুর তৃতীয় স্থান নির্ধারণী খেলা জমে ওঠে। ১৭ মিনিটের বেশি সময় গড়ানো এই খেলায় মিঠু বলী পরে শাহজালালকে পরাজিত করে তৃতীয় স্থান লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
এর আগে গত দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ, যিনি ফাইনালে রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন। এবারও তিনি রাশেদকে পরাজিত করে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
মেলার আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল জানান, এবারের বলীখেলায় অংশ নিতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বলীরা অংশ নিয়েছেন।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় যুবসমাজকে শারীরিকভাবে প্রস্তুত করতে মরহুম আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন।