চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা।
রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520-এ আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি এবং লাগেজ বেল্টে পড়ে থাকা মালিকবিহীন ব্যাগেজ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
জব্দকৃত সিগারেটের মধ্যে যাত্রীদের ব্যাগেজে ১ হাজার ২ কার্টন এবং অ্যারাইভাল হলের লাগেজ বেল্ট থেকে ৬৯৬ কার্টন মালিকবিহীন সিগারেট পাওয়া যায়।
এ ঘটনায় আটক যাত্রীরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার। পরে তাঁদের বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডাম (ডিএম) মূলে জব্দ করা হয়; যা চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে থাকবে।