হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ঘরে আটকে পড়া ২২ মাসের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আটকে পড়া শিশু উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের অক্সিজেন বেপারি পাড়া এলাকায় খেলার ছলে ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে আটকে পড়া ২২ মাস বয়সী এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বায়েজিদ থানার মুন্নী কমিশনার গলির নাজমা টাওয়ারের একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম ম্যা-এ-ছাইং মারমা। সে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা এলাকার শিলছড়ি মারমাপাড়ার উচিং নু মারমার মেয়ে। শিশুটির মায়ের নাম মেসাং নু মারমা। পরিবারটি বর্তমানে অক্সিজেন বেপারি পাড়ার মুন্নী কমিশনার গলির ওই ভাড়া বাসায় থাকে।

বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘শিশুটি দরজার ছিটকিনি নিয়ে খেলতে খেলতে ভেতর থেকে দরজা আটকে ফেলে। কিছুক্ষণ পর সে কান্না শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর শিশুটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের পর তার কান্নাও থেমে যায়।’

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে শিশুটি ঘরে আটকে পড়ার খবর পায় তারা। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও পাঁচ মিনিটের প্রচেষ্টায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিশুটির বাবা উচিং নু মারমা বলেন, ‘সকালে আমি কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে রওনা দিয়েছিলাম। বাচ্চার মা কোনো এক কাজে বারান্দায় এসেছিল। এরই মধ্যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। পরে আমাকে জানালে আমি ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের সহায়তায় বাচ্চাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।’