হোম > সারা দেশ > চট্টগ্রাম

চুয়েটে শিক্ষার্থীদের খোলাচিঠি, ভিসির সঙ্গে ‘অসহযোগিতায়’ সব পক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্যের প্রতি অসহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশন। সংগঠনগুলো শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত না করে দ্রুত একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আজ রোববার শিক্ষার্থীরা দাবি আদায়ের পাশাপাশি তাঁদের একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে খোলাচিঠি দেন শিক্ষকদের। এর পরপরই চুয়েটের কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পর যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের শিক্ষাজীবন প্রলম্বিত না করার প্রত্যয়ে দ্রুত একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী নবনিযুক্ত উপাচার্যের প্রতি অসহযোগিতা অব্যাহত রেখেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নবনিযুক্ত উপাচার্যের ক্যাম্পাসকেন্দ্রিক যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে পূর্বঘোষিত কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগিতা কঠোরভাবে পালন করা হবে।

পূজার ছুটি শেষে আগামীকাল সোমবার থেকে চুয়েট খুলছে। চুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতারা যৌথভাবে এ বিবৃতি দিয়েছেন বলে জানান চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন।

চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শুরু হওয়া অচলাবস্থা ৩৫ দিনেও কাটেনি। শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের এক দফা দাবিতে অটল রয়েছেন।

শিক্ষার্থীদের খোলাচিঠি

এর আগে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে একটি খোলাচিঠি দেন। চিঠিতে বলা হয়, ‘দীর্ঘদিনের চলমান আন্দোলন ও অচলাবস্থায় আমাদের শিক্ষাজীবন ক্রমাগত পিছিয়ে পড়ছে। আমরা আর আমাদের শিক্ষা ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমরা ক্লাসে ফিরতে চাই, একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে চাই। তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন—শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত ক্লাসে ফেরার পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখুন।’

শিক্ষার্থীরা আরও লিখেছেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, ক্লাসে ফিরতে চাওয়া মানে আমাদের আন্দোলন থেকে সরে আসা নয়। এটি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত আন্দোলন। আমাদের এক দফা দাবি—ড. সায়েম স্যারকে উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর একটি বিষয় স্পষ্ট—অনলাইনে নিয়োগপ্রাপ্ত উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে চুয়েট আবারও কঠোর আন্দোলনে উত্তাল হবে। যৌক্তিক দাবি আদায়ে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে।’

খোলাচিঠিতে শিক্ষার্থীরা লিখেছেন, ‘আমরা সংঘাত চাই না, সমাধান চাই। আমরা অচলাবস্থা চাই না, ক্লাসে ফিরতে চাই। আমাদের শিক্ষাজীবন সচল হোক, একই সঙ্গে আমাদের ন্যায্য দাবিও পূরণ হোক—এটাই আমাদের প্রত্যাশা। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমাদের ক্লাসে ফেরার পথ সুগম করুন, আমাদের ভবিষ্যৎ রক্ষায় পাশে থাকুন। সায়েম স্যারের পুনর্বহালের দাবিতে আমাদের ঐক্য ও অবস্থান অটুট থাকুক।’

চুয়েটের সমস্যা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) গঠিত পরামর্শক কমিটি আগামী বুধবার ক্যাম্পাস সরেজমিন পরিদর্শন ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে। কমিটির সদস্যসচিব ড. মো. মহিবুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার সোনার চুড়িসহ যাত্রী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

খাগড়াছড়িতে বন্দুক হাতে পাহাড়ি তরুণের মহড়ার ভিডিও ভাইরাল

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক