দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের যাতে আর বন্যা মোকাবিলা করতে না হয়, সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
আজ শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে বিলোপের পথে। যার দরুন স্বাভাবিক বৃষ্টি হলেই দু-কূল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এ জন্য খালগুলো খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে, যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন, চট্টগ্রাম জজ কোর্টের এপিপি লায়ন নাসির উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।