চট্টগ্রামের সীতাকুণ্ডে কদমরসুল কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে ছোট-বড় ৪০টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার সকালে ভাটিয়ারী ইউনিয়নের ওই বাজারে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকান ও মালামাল পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা বলে জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শামসুদ্দিনের মালিকানাধীন একটি লেপ-তোষকের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী মো. শাহ আলমের ফার্নিচারের দোকানসহ আশপাশের মুদি, হার্ডওয়্যার, সেলুন, ফার্মেসি ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ৪০টি দোকানঘর ও সেখানকার মালামাল পুড়ে যায়।
ফার্নিচার ব্যবসায়ী মো. শাহ আলম বলেন, ‘দোকানে তিনটি বিয়ের ফার্নিচারের অর্ডার ছিল। টানা কয়েক সপ্তাহ কাজ করে সেগুলো তৈরি করা হয়েছিল। রং করে আগামী দুই-তিন দিনের মধ্যেই সরবরাহ করার কথা ছিল। কিন্তু মুহূর্তের আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন এতগুলো ফার্নিচারের ক্ষতিপূরণ কীভাবে দেব আর কীভাবে তাদের টাকা ফেরত দেব?’
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ৪০টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।’
আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।