চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়। তিনি দীর্ঘ ১৩ বছর ধরে এ মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতোয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ বলেন, ‘আসরের সময় মুসল্লিদের নিয়ে মসজিদে নামাজ পড়েন ইমাম আমির হোসেন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় তিনি অনুপস্থিত ছিলেন। বাইরে কাজের কারণে তিনি আসতে পারেননি বলে আমরা ধারণা করেছিলাম। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তাঁকে দেখতে না পাওয়ায় স্থানীয়রা তাঁকে খুঁজতে থাকেন। একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাঁর নিথর দেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তাঁর কক্ষে নিজের হাতে লেখা একটি চিরকুট খুঁজে পান এলাকাবাসী। চিরকুটে পারিবারিক কলহের কথা লেখা ছিল।’
মোতোয়াল্লি মোহাম্মদ ইফতেখার আহমেদ আরও বলেন, ‘ইমাম আমির হোসেন ছিলেন অত্যন্ত নম্র ও বিনয়ী স্বভাবের। তাঁর সঙ্গে এলাকাবাসীর সুসম্পর্ক ছিল। মৃত্যুর আগে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন ইমাম আমির হোসেন। সেখানে তিনি লেখেন, “যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।”’
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। পারিবারিক কলহ থেকে ওই ইমাম আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি।