চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নগরের ব্যস্ততম ১৬টি সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় সংশ্লিষ্ট সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (১৫ জুলাই) সিএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ২টা থেকে শুরু হওয়া রথযাত্রার শোভাযাত্রা যেসব সড়ক প্রদক্ষিণ করবে, সেসব সড়কের প্রবেশমুখে ডাইভারশন ও ব্যারিকেড স্থাপন করে সব ধরনের যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
সিএমপির মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুর রশীদ বলেন, রথযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে অনুষ্ঠান চলাকালে সংশ্লিষ্ট এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য যানবাহনের চালক, যাত্রী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
যেসব স্থানে ডাইভারশন দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, সেগুলো হলো বাদশা মিয়া রোডের মুখ, ওয়াসা মোড়, স্টেডিয়াম গোলচত্বর (রেডিসন ব্লুর সামনে), নেভাল মোড়, নূর আহমদ সড়কের মুখ, এনায়েত বাজার মোড়, তিনপোলের মাথা, নিউমার্কেট, আলকরণ রোডের মুখ (জিপিওর সামনে), কোতোয়ালি থানা মোড়, লালদীঘির উত্তর পাড়, সিনেমা প্যালেস মোড়, আন্দরকিল্লা মোড়, গুডস হিলের মুখ, গনি বেকারি ও সার্সন রোড।
পুলিশ জানিয়েছে, বিপুলসংখ্যক ভক্ত-অনুসারীর অংশগ্রহণে নগরে তিনটি প্রধান রথযাত্রা অনুষ্ঠিত হবে।
শ্রীশ্রী তুলসীধাম মন্দিরের রথযাত্রা রাইফেল ক্লাব, নিউমার্কেট, লালদীঘি পাড়, বক্সীরহাট, আন্দরকিল্লা, চেরাগী পাহাড় মোড়, জামালখান, কাজীর দেউড়ি ও লাভ লেন ঘুরে পুনরায় তুলসীধাম মন্দিরে ফিরে যাবে।
নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের (ইসকন) রথযাত্রা ডিসি হিল, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, কোতোয়ালী, নিউমার্কেট, আমতল ও বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকানন ২ নম্বর গলির সামনে গিয়ে শেষ হবে।
এ ছাড়া প্রবর্তক মোড়ের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) রথযাত্রা মিমি সুপার মার্কেট, প্রবর্তক মোড়, গোলপাহাড়, মেহেদীবাগ, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, কোতোয়ালি, সিনেমা প্যালেস ও বোস ব্রাদার্স মোড় হয়ে ডিসি হিলে পৌঁছাবে।
এদিকে তিন শতাব্দীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথ দেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উপলক্ষে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিবছরের মতো এবারও নন্দনকাননের রথের পুকুরপাড় থেকে কেন্দ্রীয় রথের সঙ্গে পর্যায়ক্রমে নগরের ১২টি আঞ্চলিক কমিটির রথ এবং বিভিন্ন মঠ-মন্দিরের রথ যুক্ত হবে।
কেন্দ্রীয় রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।