চট্টগ্রামের চন্দনাইশে বিয়ের মাত্র ৪০ দিনের মাথায় সাপের কামড়ে রহিমা বেগম (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভার ময়নার বাপের পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নববধূ রহিমা বেগম ওই এলাকার মো. অহিদুল্লাহর স্ত্রী।
অহিদুল্লাহর ভাই সেলিমুল্লাহ জানান, আজ সন্ধ্যায় রহিমা বেগম রান্নার জন্য লাকড়ি আনতে ঘরের পাশে থাকা লাকড়ির স্তূপে যান। সেখানে লাকড়ি তুলতে গেলে বিষধর একটি সাপ তাঁকে কামড় দেয়। এরপরই তিনি তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। স্বজনরা দ্রুত তাঁকে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. টিপু মজুমদার জানান, আজ রাত সাড়ে ৭টার দিকে রহিমা বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।