চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের ভাগাভাগিকে কেন্দ্র করে মনসুর ও কবির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
নিহত মোহাম্মদ জিল্লুর রহমান মনসুর গ্রুপের সদস্য এবং উপজেলার সরল গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল গ্রামের বঙ্গোপসাগরসংলগ্ন বেড়িবাঁধ এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাদত নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি কবির গ্রুপের সদস্য ও সরল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সরল ইউনিয়নে মাছের ঘের ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই গ্রুপের মধ্যে। এর জেরে গত রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১১ জন গুলিবিদ্ধ হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ বাকি ১০ জন হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘সরল এলাকায় বেড়িবাঁধের বাইরে মাছের ঘের দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’